প্রশিক্ষিত জনগোষ্ঠিই হবে একুশ শতকের প্রধান হাতিয়ার- ইবি উপাচার্য

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন, আমি নতুন সকল সহকর্মীদের খুবই ভাগ্যবান মনে করি। কারণ শিক্ষকতা জীবনের শুরুতেই তারা ভাল শিক্ষাদান কৌশল নিয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, প্রশিক্ষিত জনগোষ্ঠিই হবে একুশ শতকের প্রধান হাতিয়ার। সুতরাং আপনাদেরকে অব্যাহত প্রশিক্ষণের মধ্যদিয়ে গড়ে উঠতে হবে। ড. রাশিদ আসকারী বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে দেশের অন্যতম গবেষকদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করেছি।

যেখানে অধ্যাপক ড. ফখরুল আলমের মতো আন্তর্জাতিকমানের খ্যাতিমান গবেষক রিসোর্স পারসন হিসেবে এসেছেন। আশা করি এই গবেষণা সবার কাজে লাগবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যারা আজকের নবীন গবেষক তারাই আগামীর উচ্চতর পথ প্রদর্শক। তিনি সবাইকে নিজের ভেতরের মেধাকে কাজে লাগানোর আহবান জানান।

আজ সোমবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র আয়োজনে, আইকিউএসি’র সেমিনার কক্ষে “উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত সংস্কৃতি বিষয়ক সচেতনতা” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় উপাচার্য ও রিসোর্স পারসন অধ্যাপক ড. রাশিদ আসকারী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, প্রশিক্ষণ মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটায়। মানুষের জ্ঞানকে ইতিবাচক ধারার দিকে নিয়ে যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অধ্যাপক ড. রাশিদ আসকারী কর্মশালায় মুলবিষয়বস্তু উপস্থাপন করেন।

এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর