এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ টানা কয়েকদিনের ভারি বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানি বৃদ্ধি অব্যাহত হওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ফসলি জমি। এবং যমুনা তীরবর্তী মানুষের মনে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা আতঙ্ক।
এ দিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে সোমবার (১৫ জুলাই) বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান,এক সপ্তাহ ধরেই যমুনার পানি চরাঞ্চলে প্রবেশ করছে। এরই মধ্যে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। সোমবার সকাল পর্যন্ত মেছড়া ইউনিয়নের শতাধিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কে এম রফিকুল ইসলাম জানান, যমুনায় পানি বৃদ্ধির তীব্রতা অব্যাহত রয়েছে। পানি গত কয়েকদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে । গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন,বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে যমুনা নদীর উজানে আগামী ২৪ ঘণ্টা পানি কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে সিরাজগঞ্জ পয়েন্টে আরও তিনদিন পানিবৃদ্ধি অব্যাহত থাকবে।