নয়া বিতর্ক, সেই থ্রোতে ছয় রান নয় হবে নাকি পাঁচ রান! (ভিডিও)

শেষ হলো ওয়ানেডে বিশ্বকাপের দ্বাদশ আসর।তবে শেষ হয়নি বিতর্কের।আর কি করেই তার শেষ হবে? এমন প্রকাশ্য ভুল কি ভাবে মেনে নিবে ক্রিকেটাররা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আম্পায়াররা কুমার ধর্মসেনা এবং মারিয়াস ইরাসমাস। কিন্তু ম্যাচ চলাকালীন কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারননি। কিউই ওপেনার হেনরি নিকোলাসকে ভুল লেগ বিফোর দেন। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। কেন উইলিয়ামসন উইকেটের পেছনে ক্যাচ দিলে বুঝতে পারেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে আউট পায় ইংল্যান্ড। রস টেইলর আবার ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়ে আউট হন। কিন্তু দুই আম্পায়ার চূড়ান্ত ভুল করেছেন শেষ ওভারে।

গাপটিলের করা ওভার থ্রোতে ইংল্যান্ডকে ছয় রান দেন কুমার ধর্মসেনা। নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের প্রাপ্য পাঁচ রান। কিন্তু ইরাসমাসের সঙ্গে আলাপ করে ধর্মসেনা ছয় রান দেন। ওই এক রান ভুল করে বেশি না দিলেই হয়তো মুকুট উঠতো কিউইদের মাথায়।

আইসিসির ১৯.৮ ধারার ওভার থ্রো’তে রান যোগ করার নিয়ম বর্ণিত আছে। তাতে বলা হয়েছে, যদি ফিল্ডারের ওভার থ্রো থেকে বাউন্ডারি হয় কিংবা ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের গায়ে ফিল্ডার বল মারেন তবে দু্ই ব্যাটসম্যান দৌড়ে যে রান পূর্ণ করবেন, সেই রানের সঙ্গে ওভার থ্রো বা জরিমানার রান যোগ হবে। সেক্ষেত্রে তাৎক্ষনিক থ্রো’র সময় ব্যাটসম্যান রান পূর্ণ করেছেন কি-না সেটা দেখা হবে।

বিতর্কের বিষয় এখানেই, থ্রো’র সময় কত রান পূর্ণ করেছেন দু্ই ব্যাটসম্যান। কিংবা বল গায়ে লাগার সময় কত রান নিয়েছেন দেখা হবে সেটা। তার সঙ্গে ওভার থ্রো বা জরিমানার রান যোগ করা হবে। টিভি রিপ্লেতে দেখা গেছে গাপটিলের থ্রো যখন বেন স্টোকসের ব্যাটে লাগে তখন আদিল রশিদের সঙ্গে তার দু্ই রান পূর্ণ হয়নি। তার আগেই ব্যাটে বল লাগে। এরপর চার হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাই পাঁচ রান পাওয়া উচিত ইংল্যান্ডের। কিন্তু দেওয়া হয়েছে ছয়।

এ নিয়ে সাবেক আম্পায়ার এবং এমসিসি ল’য়ের সাব-কমিটির সদস্য সাইমন টফেল জানান, এটা মাঠে থাকা দুই আম্পায়ার বুঝে উঠতে পারেননি। তিনি ফক্স স্পোর্টসকে বলেন, ‘এটা পরিষ্কার ভুল। তারা বিষয়টি বিচার করতে ভুল করেছেন। মাঠে যে উত্তাপ চলছিল। তার ওপর দুই ব্যাটসম্যান দ্রুত রান নিয়েছেন, ব্যাটসম্যানদের দুই রান পূর্ণ হওয়ার বড় সম্ভাবনা ছিল। ওই মুহূর্তে ব্যাটসম্যানের রান নেওয়ার দিকে খেয়াল করতে হবে। বল থ্রো’র দিকে খেয়াল করতে হবে। তারপর থ্রো ক্রস করার সময় রান পূর্ণ হলো কি-না দেখতে হবে। আম্পায়ারদের জন্য কঠিন এক কাজ।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর