শেরপুরে উদ্যোক্তাকে পেটাল ইউপি চেয়ারম্যান

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জন্ম নিবন্ধন দেওয়াকে কেন্দ্র করে শেরুয়া বটতলা এলাকায় ১০নং শাহবন্দেগী ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের মধ্যে ঢুকে গত রোববার বিকালে উদ্যোক্তো ইমরুল কায়েস ও তার ভাই শিরুকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান মো. আল আমিনের বিরুদ্ধে। ঘটনার পর পরই শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সেবা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে।

জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে বেশ কিছু মহিলা-পুরুষ ভোটার হওয়ার জন্য জন্মনিবন্ধন সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন। তথ্য সেবা কেন্দ্রে গিয়ে দ্বায়িত্বরত ইমরুল কায়েস না থাকায় তার ছোট ভাই সাহাদৎ হোসেন শিরু তাদেরকে জন্মনিবন্ধন সার্টিফিকেটের ফটো কপি প্রদান করেন। পরবর্তীতে তারা স্বাক্ষরের জন্য চেয়ারম্যান মো. আল আমিনের কাছে নিয়ে গেলে তিনি স্বাক্ষর না করে সেবা কেন্দ্রের কক্ষে ঢুকে শিরুকে অতর্কিতভাবে মারধর শুরু করলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরিনা খাতুন, ফরিদুল ইসলম ও হাসান আলী পরিস্থিতি নিয়ন্ত্রন করে বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আল আমিন জানান, জন্মনিবন্ধনের সনদে অতিরিক্ত টাকা আদায় করতে নিষেধ করায় উদ্যোক্তা কায়েস ও তার ভাই আমার উপর চড়াও হয়। এসময় গ্রাম পুলিশ হাসান উপস্থিত ছিলেন বলে তিনি জানান। খবর পেয়ে শেরপুর থানার এসআই ওসমান গণি ঘটনাস্থলে গিয়ে তথ্য সেবা কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত তালা ঝুলিয়ে দিয়েছেন।

ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মো. আব্দুল মোতালেব ওরফে বাবলু মিয়ার ছেলে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ইমরুল কায়েসের ছোট ভাই সাহাদৎ হোসেন শিরু বলেন- বড় ভাই অফিসে না আসায় আমি অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছিলাম। এসময় কয়েক জন নারী-পুরুষ অফিসে এসে জন্মনিবন্ধন সার্টিফিকেট চাইলে আমি তাদের যথারীতি সার্টিফিকেটের ফটোকপি প্রদান করি। তারা চেয়ারম্যানের কাছে স্বাক্ষর করার জন্য গেলে স্বাক্ষর না করে সেবা কেন্দ্রের কক্ষে এসে আমাকে মারধর করেন।

ইউপি সচিব ইকবাল হোসেন দুলাল জানান, জন্মনিবন্ধন সনদ দেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও উদ্যোক্তার মধ্যে হাতাহাতি হয়েছে। বর্তমানে তথ্যসেবা কেন্দ্রটি বন্ধ রয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর