উইলিয়াসমন বিদায় বেলায় বললেন, এই ভাবে কেউ যেন আর না হারে

তীরে এসে তরী ডুবল নিউজ়িল্যান্ডের। বিশ্বকাপ ট্রফির কাছে গিয়েও তা ছুঁতে না পারার আক্ষেপ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের।

ম্যাচ শেষে তিনি বলে গেলেন, ‘টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, পিচ শুকনো। তাই ভেবেছিলাম, স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে বিপক্ষ চাপে থাকবে। তবে আমাদের আরও ১০-২০ রান বেশি করতে হত। তা এখন বুঝতে পারছি।’

নিউজিল্যান্ড অধিনায়ক সঙ্গে যোগ করেন,‘আমাদের বোলাররা ওদের পাল্টা চাপে ফেলে দিয়েছিল। শেষ বল পর্যন্ত লড়েছি আমরা। দুর্দান্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত আমাদের থেকে যেতে হল পরাজিতদের দলেই। তবে এই ম্যাচ থেকেও অনেক ইতিবাচক শিক্ষা নিয়ে বাড়ি ফিরছি।’

তিনি আরও বলেন, ‘এটা খুবই লজ্জার যে, বল স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে গেল। খেলার গতিতেই এটা হয়ে গিয়েছে। কী আর করা যাবে। তবে আশা করব, এই ঘটনা আর কোনও ম্যাচে হবে না। এই ভাবে কেউ যেন আর না হারে।’

তবে ম্যাচ হারলেও গোটা বিশ্বকাপে ৫৭৮ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন উইলিয়ামসনই।

লিগের ম্যাচে শেষ তিন খেলায় হেরে সেমিফাইনালে গিয়েছিল তার দল। তাই চার দলের মধ্যে সেই কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকেই অপেক্ষাকৃত দুর্বল ভেবেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত ক্রিকেট উপহার দিল নিউজিল্যান্ড।শেষ পর্যন্ত ক্রিকেট বিশ্বের মন জয় করে দেশে ফিরেছে ব্লাক ক্যাপসরা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর