মহাসড়কে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে গ্যাস নির্গমন

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর মূল পাইপলাইন ফেটে বেশ কয়েকদিন ধরে অবিরত গ্যাস নির্গত হচ্ছে। সোমবার (১৫ জুলাই) ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে চন্দ্রা-নবীনগর তথা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গেলে দেখা যায়, মহাসড়কের মাঝখানে দিয়ে যাওয়া গ্যাসের পাইপ লাইন দিয়ে গ্যাস বের হচ্ছে। ওই স্থানের মূল সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানালেন স্থানীয়রা।

আরও দেখা যায়, ঘটনাস্থলে একটি কালভার্ট রয়েছে, এখানে পাইপ লাইন ফুটো হওয়ার ফলে ড্রেনের ওই স্থানের পানি দেড় থেকে দুই ফিট পর্যন্ত ওপরে উঠছে। আর প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত এই গ্যাস অনবরত বের হচ্ছে।

এব্যাপারে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে সাভার জোনাল অফিসকে জানানো হয়েছে। তবে এ দুর্ঘটনা কয়েকদিন আগে ঘটলেও এখনও পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ এটা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, রাস্তায় সবসময়েই গ্যাস বের হচ্ছে। এটি চন্দ্রা-নবীনগর মহাসড়ক এবং এই জায়গা দিয়েই আমাদের থানার ‘প্রিজন ভ্যান’ ও অন্যান্য গাড়ি বের হয়, তাই বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করছি।

তবে এব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, দুর্ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এটি মেরামত করা সময়সাপেক্ষ ব্যাপার। একেতো ব্যস্ততম মহাসড়ক, এরপর দুর্ঘটনাস্থলের মাটি কাটতে হবে। আমাদের প্রকৌশল শাখা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আশা করছি আগামীকাল মেরামত কাজ সম্পন্ন করতে পারবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর