মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার অদূরে ধামরাইয়ে তিশা রায় (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) দুপুরে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশসূত্রে জানা গেছে।
নিহত তিশা বেসরকারি একটি এনজিও কার্যালয়ে চাকরি করতেন বলে জানা যায়। তিনি রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা স্বপন রায়ের মেয়ে এবং ধামরাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরে বাসার চার তলায় তিশাকে ডাকতে এসে এক সহকর্মী নিহতের কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে তিশার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।