দরজায় আটকে গেল হাত, ছুটল ট্রেন, মর্মান্তিক মৃত্যু যাত্রীর

পাতাল রেলটি স্টেশনে পৌঁছাতে যাত্রীদের হুড়োহুড়ি শুরু। অন্য যাত্রীদের মতো সজল কুমার কাঞ্জিলালও ওঠার চেষ্টা করেছিলেন ট্রেনে। কিন্তু পারেননি। দরজায় হাত আটকে যায় তার।এমতবস্থায় যাত্রা শুরু করে ট্রেনটি।একপর্যায়ে ট্রেনটি ঢুকে পড়ে টানেলের ভেতর। গতি বাড়তে থাকে ট্রেনের আর টানেলের ওয়ালের সঙ্গে বারবার ধাক্কা লাগে তার। এভাবে মর্মান্তিক মৃত্যু হয় তার।

কলকাতা মেট্রোর ইতিহাসে এই ঘটনা প্রথম বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। এই ঘটনায় ট্রেনের চালক এবং গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বক্তব্য, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী ট্রেনে ওঠার সময় এক যাত্রীর হাত দরজার মাঝে আটকে যায়। দেহ তখন ট্রেনের বাইরে। সেই অবস্থাতেই ট্রেন চলতে শুরু করে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার পরে ঝুলতে থাকে যাত্রীর দেহ। ট্রেন টানেলে ঢোকার পরে পাশের দেওয়ালে ধাক্কা খেয়ে থার্ড লাইনে পড়ে যান তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেহটি উদ্ধার করেন মেট্রো কর্মীরা। ময়না তদন্তের জন্য তা এসএসকেএম-এ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত যাত্ৰীর নাম সজল কাঞ্জিলাল। তার বাড়ি কবসা থানা এলাকায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের অন্য যাত্রীদের মেট্রোর পিছনের দরজা থেকে বের করে আনা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর