তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা বরুয়াজানী গ্রাম থেকে ১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে পাচার করে আনা ৩৯ বস্তা সুপারীসহ তিন কালো বাজারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্র কুড়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে তাজ উদ্দিন (৪৫), বরুয়াজানি গ্রামের আশরাফ আলীর ছেলে ইকবাল আলম ওরফে বকুল (৪৩) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনকান্দা বাজার এলাকার বলরাম সরকারের ছেলে প্রবীর সরকার (৪৫)।
জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ মোখলেসুর রহমানের নির্দেশে এসআই ফজলে এলাহীর নেতৃত্বে এসআই আঃ সালাম, এএসআই হাবিবুর রহমান চকদার ও আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী গ্রামে শনিবার সন্ধ্যায় এক অভিযান চালায়। এসময় বরুয়াজানি গ্রামের কালো বাজারী বজলুল করিমের একটি ঘর থেকে ৩৯ বস্তা ভারতীয় সুপারী উদ্ধার করে এবং সুপারী পাচারের অভিযোগে পুলিশ উক্ত তিন কালো বাজারীকে গ্রেফতার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বজলুল করিম পালিয়ে যায়।
পরে তারা ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানায়, উদ্ধারকৃত সুপারী গুলি ভারত থেকে নদী পথে বরুয়াজানি গ্রামে এনে মজুত করে রেখে ছিল এবং তারা আন্তঃজেলা কালো বাজারী ও মজুতকৃত সুপারী গুলি অন্য জেলায় পাচারের চেষ্টা করছিল। ডিবি’র ওসি মোখলেছুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছেন উদ্ধারকৃত ৩৯ বস্তা সুপারীর আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
এব্যাপারে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।