ফেইসবুকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃ ওয়ালিদ সাকিব, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৪ জুলাই)দুপুরে জেলা সদরের বনফুল এন্ড কোং এবং টোকিও ফুডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান রুকন। এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

জানা যায়, ফেইসবুকের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার পুরাতন কলেজ এলাকার ‘টোকিও ফুড’ কারখানায় ও জেলা শহরে গণপূর্ত ভবন সংলগ্ন ‘বনফুল এন্ড কোং’ এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় খাবার তৈরীর পরিবেশ না থাকায় টোকিও ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে টোকিও ফুডকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও পরিবেশ বান্ধব করতে এক মাসের সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়াও জেলা শহরের বনফুল এন্ড কোং কে খাবারের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং পরিবেশ না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান রুকন জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর