সর্বশেষ সেই জন্মদিনে যা বলেছিলেন এরশাদ

সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আর নেই। রোববার (১৪ জুলাই) সকালপৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২০ মার্চ এইচ এম এরশাদের ৯০তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে জাতীয় পার্টি থেকে ব্যাপক আয়োজন করা হয়। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট জন্মদিবস উদযাপন পরিষদ গঠন করা হয়।

ওইদিন সকাল থেকেই পাঁচ শতাধিক নেতাকর্মী স্লোগানে-স্লোগানে উৎসবমুখর করে তোলেন ইমানুয়েলস মিলনায়তন। বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেকে ফুল ও কেক নিয়ে হাজির হন। দুপুর ১২টার দিকে এরশাদ মিলনায়তনে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১২টার কিছু পরে ৯০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের উৎসবের সূচনা করেন এরশাদ।

সর্বশেষ সেই জন্মদিনে এরশাদ বলেন, ‘দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি।’

‘আমার মতো নির্যাতিত নেতা আর কেউ নেই’ উল্লেখ করে এরশাদ বলেন, অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারবে না। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো, যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন, যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। হুসেইন মুহম্মদ এরশাদ নয় বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন, তা কেউ ভাঙতে পারবে না।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর