মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই)
রাজধানীর অদূরে সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে মোক্তার হোসেন (৩২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করে পুলিশ। আটক মোক্তার হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেলুয়াটিকি গ্রামের মৃত শামসুল হক এর ছেলে বলে জানা যায়।
এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপনসূত্রে খবর পাওয়া যায়, শনিবার সন্ধ্যায় দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফেন্সিডিলের চালান আনা হবে। এর ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হলে চালকের সিটের পিছনে লুকানো বস্তায় থাকা ৩’শ ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক মোক্তার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে কাভার্ড ভ্যানের মধ্যে ফেন্সিডিল লুকিয়ে তা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।