এখন আর কেউ ছেঁড়া কাপড়চোপড় আর স্যান্ডেল পরে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোনও মানুষ না খেয়ে মরে না। দেশে এখন আর কেউ ছেঁড়া কাপড়চোপড় পরে না, কেউ ছেঁড়া স্যান্ডেল পরে না।’

শনিবার (১৩ জুলাই) বিকালে মানিকগঞ্জে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। একেএম এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনা হচ্ছেন পৃথিবীর সেরা প্রধানমন্ত্রীদের সেরা। তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশ পৃথিবীর অন্য উন্নতিশীল রাষ্ট্রের তালিকায় স্থান করে নেয়।

তিনি ক্ষমতায় থাকলে মহাকাশে পৌঁছে যায় বাংলাদেশ। জানুয়ারি মাসে দেশের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়। তিনি আরও বলেন, “যেদিন মন্ত্রিসভার প্রথম মিটিং হয়েছিল, সেদিন সবার উদ্দেশে শেখ হাসিনা বলেছিলেন, ‘জনগণ যে উদ্দেশ্য ও আশা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে’। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন–মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক মো. আবদুল মতিন সরকার, মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, উপবিভাগীয় প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর