নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই নদী হতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন নদীর তীরে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে ৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। যার কারণে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ কাজ করছে।