পাটক্ষেতে যুবকের ক্ষতবিক্ষত লাশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পাটক্ষেত থেকে সিরাজুল মাতুব্বর (২৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে ওই যুবকের বাড়ীর পাশে একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সিরাজুল ওই গ্রামের সূর্য মাতুব্বরের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতি দিনের মত রাতের খাবার খেয়ে সিরাজুল ঘুমিয়ে পড়েছিলো। রাতে দুর্বৃত্তরা তাকে ডেকে নেয় বলে তাদের ধারণা। এরপর অন্যত্র নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ীর পাশে পাটক্ষেতে ফেলে যায়। সকালে পরিবারের লোকজন সিরাজুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাটক্ষেতের মধ্যে সিরাজুল মাতুব্বরের ক্ষতবিক্ষত লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অচিরেই ঘাতকদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর