সাংসদদের বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ

সংসদ সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল বাংলাদেশ সাংসদীয় দল। স্বাভাবিকভাবেই শিরোপায় চোখ ছিল তাদের।

কিন্তু ফাইনালি লড়াইয়ে পাকিস্তান সাংসদীয় দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দুর্জয়দের। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ওদের। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন তারা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করেন বাংলাদেশের সাংসদরা।

জবাবে তাদের পাত্তাই দেননি পাকিস্তানের সাংসদরা। হেসেখেলে ৮ ওভার ও ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেন তারা।

এর আগে কেন্ট ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে নাম লেখান বাংলাদেশের সাংসদরা। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তিন দলকেই হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তারা।

ক্রিকেট খেলুড়ে ৮ দেশের সাংসদদের নিয়ে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। দলগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর