সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সহসাই ইংল্যান্ড ত্যাগ করা হচ্ছে না ভারত ক্রিকেট দলের। ১৪ জুলাইয়ের ফাইনাল ম্যাচ দেখেই বিরাট কোহলিদের ফিরতে হবে নিজ দেশে। কারণ, দেশে ফেরার টিকিটই যে পাচ্ছে না দলটি! গত ১০ জুলাই নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। আসর থেকে বিদায় নেওয়ায় ছাড়তে হয় টিম হোটেলও। কিন্তু দেশে ফেরার টিকিট জোগাড় করতে পারেনি ভারতের লজিস্টিক টিম। ১৪ জুলাইয়ের ফাইনালের আগে কোনো টিকিট পাওয়াও যাচ্ছে না।
মহেন্দ্র সিং ধোনিদের অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। যে ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন রেখেছিল টিম ইন্ডিয়া, সেই ম্যাচ দর্শক হিসেবে দেখে তবেই ফেরার পথ ধরতে হবে!
অবশ্য সেক্ষেত্রেও একসাথে সব খেলোয়াড়-কর্মকর্তার টিকিট পাওয়া নিয়ে দেখা দিচ্ছে বিপত্তি। তাই ভেঙে ভেঙে ধরতে হবে ভারতের বিমান। সবাই যে ভারতে এখনই ফিরবেন সেই নিশ্চয়তাও অবশ্য নেই। বিশ্বকাপ অপ্রত্যাশিতভাবে শেষ হলেও খেলোয়াড়েরা পেয়েছেন ছুটি। নিজের মত সময় কাটাতে অনেকেই পাড়ি দিতে পারেন বিভিন্ন দেশের পর্যটন শহরগুলোতে।
ভারতের বিদায় নেওয়ার ম্যাচটি ছিল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। এখনো সেখানেই আছে দলটি। থাকতে হবে অন্তত রবিবার পর্যন্ত। এদিনই বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। দুই দলের কেউই এখনো কোনো বিশ্বকাপ জেতেনি। লর্ডসের ম্যাচটি তাই নতুন কোনো বিশ্বচ্যাম্পিয়নের খোঁজই পেতে যাচ্ছে।