দুর্ঘটনায় দুই টুকরো হয়ে যাওয়া আঙুল জোড়া দিতে হাসপাতালে এসেছিলেন রোগী। কিন্তু কাটা অংশটাই হারিয়ে ফেলেছেন হাসপাতালের কর্মীরা। কারণ, ওই সময় তারা ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখায় ব্যস্ত ছিলেন। এই ঘটনা কলকাতার।
বৃহস্পতিবার ওই আঙুলের অস্ত্রোপচারের কথা ছিল। অস্ত্রোপচার করতে যাওয়ার ঠিক আগেই রোগীর স্বজনদের চোখে পড়ে কাটা যাওয়া অংশটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এনডিটিভি জানায়, ওই দিন হাওড়ায় নিজের কর্মস্থলের কাছেই ৩৮ বছর বয়সী নিখিল চক্রবর্তী দুর্ঘটনার মুখে পড়েন। বাইক থেকে উলটে পড়ে যান, এই সময় তার অনামিকায় বেশ জোরে আঘাত লাগে, কেটে যায়। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিখিলের স্ত্রী জানান, দায়িত্বে গুরুতর অবহেলার জন্য হাসপাতালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি।
আরও জানান, কাটা অংশটি নিখিলের সহকর্মী ইমার্জেন্সি কাউন্টারে জমা দিয়েছিলেন। কিন্তু হাসপাতালের কর্মীরা ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ দেখতেই ব্যস্ত ছিল এবং আঙুলের কাটা অংশটি হারিয়ে ফেলে।
সকাল সাড়ে ৯টার সময় অস্ত্রোপচার হবে এমনটাই নির্ধারিত ছিল। কিন্তু দুপুর পর্যন্ত হাসপাতালের কর্মীরা খোয়া যাওয়া আঙুলের অংশ খুঁজে পাননি।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার বাম হাতের চতুর্থ বা অনামিকা আঙুলের মাথার দিকটি কেটে ফেলা হয়েছিল। রোগীকে প্রয়োজনীয় এবং যথাযথ চিকিৎসা ও যত্ন দেওয়া হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।