মোমিনুলের ব্যাটিং নৈপুন্যে রানের পাহাড় ভারতের সামনে

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। ভারতের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ৫০০ রানে ইনিংস ঘোষণা করেছে বিসিবি একাদশ। শতক হাঁকিয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আর জহুরুল ও আরিফুল হকের ব্যাট থেকে এসেছে অর্ধশতক।

প্রথম দিনের ২ উইকেটে ৩০৩ রানের সাথে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণার আগে আরও ১৯৭ রান যোগ করে বিসিবি একাদশ। ডাবল সেঞ্চুরির আশা নিয়ে খেলতে নামা মুমিনুলের স্বপ্নভঙ্গ হয় ইনিংসের ১০০তম ওভারে।

দর্শন নালকান্দের বলে অক্ষয় ওয়াদকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে ২২ চার আর ১ ছক্কায় ১৬৯ রানের ইনিংস খেলেন মুমিনুল। তার বিদায়ের পর ক্রিজে আসা ইয়াসির আলি রাব্বি বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

এর কিছুক্ষণ পর একই পরিণতি হয় নুরুল হাসান সোহানের। ১০ বলে ২ রান করে আদিত্যর বলে লেগ-বিফোরের ফাঁদে পড়েন তিনি।

মুহূর্তেই ৩৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ। এমন পরিস্থিতিতে শান্ত’র সাথে জুড়ি গড়েন আরিফুল। ষষ্ঠ উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে বড় সংগ্রহ দাঁড় করান তারা। শান্ত ১৪ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ১১৮ রানে নালকান্দের বলে আউট হলে ভাঙ্গে এ জুটি।

শান্ত’র আউটের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি আরিফুল। সমান ৫ চার ও ছক্কায় ৭৭ রান করা এ ব্যাটসম্যানকে আউট করেন গুরবানি। তার ফিরে যাওয়ার পর স্কোরবোর্ডে ৫০০ রান যোগ হতেই ইনিংস ঘোষণা করে চা পানের বিরতিতে যায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ: প্রথম ইনিংস (দ্বিতীয় দিন) ১৪৮ ওভারে ৫০০/৭ ডি.

জহুরুল ৯৬ (২০২), সাইফ ১৯ (৫০), মুমিনুল ১৬৯ (২৪৩), শান্ত ১১৮ (২৪৩), ইয়াসির ৮ (৫), সোহান ২(১০), আরিফুল ৭৭(১৪২), নাঈম ১* (১২), তাইজুল ২* (৭) ; নালকান্দে ৭৯/৪।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর