অপহরণের ৯ দিন পর শিশু উদ্ধার

ঢাকার সাভারে পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করে পাচারের উদ্দেশ্যে অপহরণের ৯ দিন পর তুহিন (৫) নামের ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় পাচারকারী চক্রের মহিলা সদস্য মর্জিনা বেগম (৪০) কে আটক করা হয়।

অপহৃত শিশু তুহিন (৫) সাভারের হেমায়েতপুরের আর্জেনপাড়া এলাকার জনৈক রুবেল হোসেন এর ছেলে। আটক মর্জিনা বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

উদ্ধার হওয়া শিশুটির বাবা রুবেল হোসেন জানান, গত ৩ জুলাই হেমায়েতপুরের আর্জেনপাড়া থেকে মর্জিনা বেগম তার ছেলে তুহিনকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে। পরে অনেক খুঁজেও আর তুহিনের সন্ধান পাওয়া না যাওয়ায় পরে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সর্বশেষ আজ (বৃহস্পতিবার) সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকা থেকে তার ছেলেকে উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, অপহৃত শিশু তুহিনকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আটক মর্জিনা বেগম পাচারকারী চক্রের সদস্য বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এঘটনায় থানায় মামলা দায়েরের পর আটক নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর