শ্বশুরবাড়ির বাগানে মিলল জামাতার মরদেহ

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর গ্রামে শ্বশুরবাড়ির বাগান থেকে জামাতা আক্কেল মোল্যার (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আক্কেল মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রামের এলেম মোল্যার ছেলে।

পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা মারুফা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। মারুফার স্বামী মাহবুব শেখসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আক্কেল মোল্যার সঙ্গে জয়নগর গ্রামের মাহবুব শেখের স্ত্রী মারুফার দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে। মাহবুবের বাড়ির কাছেই দেবদুন গ্রামে আক্কেল মোল্যার শ্বশুরবাড়ি। তার শ্বশুরের নাম সরোয়ার মোল্যা। আক্কেল শ্বশুরবাড়িতে যাওয়া-আসার সূত্র ধরেই মারুফার সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, পরকীয়ার জের ধরে আক্কেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার ডান চোখে আঘাতের চিহৃ রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় মারুফাকে আটক করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর