রাজধানীতে সড়ক অবরোধ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনশন

ছয় দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর কাছে দ্বিতীয় দিনের মতো আজও অবরোধ করে আমরণ অনশন করছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। বুধবার (১০ জুলাই) সারারাত এখানেই ঘুমিয়েছেন তারা। সকালে উঠে সড়কে ফের বসেছেন।

গতকাল মানিক মিয়া এভিনিউয়ে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন। চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে অনশন ও সড়ক অবরোধ করছেন।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থায় দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া এসব দাবির অন্যতম।ছয় দফা দাবির মধ্যে আরও আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে উপযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতলেখক নীতিমালা চাকরি পরীক্ষায় মেনে চলার নিশ্চয়তা, স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে যোগদানের আগ পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া ইত্যাদি।

চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী হুসাইন বলেন, সরকারি চাকরিতে সুযোগসহ ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে অনশন চালিয়ে যাবেন তারা।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেছিলেন তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর