কোহলি বললেন, সেই ৪৫ মিনিটেই হেরে গেছি আমরা

গতকাল স্বপ্ন ভেঙে চূড়মার হয়েছে বিরাট কোহলি বাহিনীর। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। কিউইদের দেয়া ২৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ রানেই সাজঘরে ফিরে যান তিন টপ অর্ডার ওপেনার রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি এবং অপর ওপেনার লোকেশ রাহুল।

পরে প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারের শেষ বলে চতুর্থ উইকেট হারায় তারা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ২৪ রান। যা কি-না এবারের বিশ্বকাপে যেকোনো দলের প্রথম পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান করার রেকর্ড।

হারের পর ভারতীয় অধিনায়ক কোহলি ম্যাচ শেষে জানিয়েছেন, শুরুর ঐ ৪৫ মিনিট তথা ৮-১০ ওভারেই ম্যাচটি হেরে গিয়েছেন তারা। কোহলির ভাষ্যে, ‘ম্যাচের প্রথমার্ধে আমরা একদম সঠিক পথেই ছিলাম। ফিল্ডিংয়ে আমাদের যা দরকার ছিলো তাই পেয়েছি। আমরা ভেবেছিলাম কাজ হয়ে গেছে। কিন্তু ম্যাচটা ছিলো খুবই হাড্ডাহাড্ডি এক লড়াই। যেখানে মাত্র ৪৫ মিনিট বাজে খেলার কারণেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম।’

তবে কিউই বোলারদের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি কোহলি। তিনি বলেন, ‘তবে সকল কৃতিত্ব অবশ্যই নিউজিল্যান্ডের বোলারদের। উইকেট থেকে যা সুইং পেয়েছে তা পুরোপুরি কাজে লাগিয়েছে তারা। কঠিন সময়ে তারা সাহসীকতার পরিচয় দিয়েছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর