ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ছেলেধরা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধের চাঁদগেট এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার এসআই বুলবুল আহমেদ বলেন, নিহত যুবক সেখানে এক শিশুর সাথে কথা বলছিল। সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে এমন একটি গুজব বেশ কিছুদিন ধরে এই এলাকায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে। সন্ধ্যার পর ওই যুবক শিশুটির সাথে কথা বলে। তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী এ নিয়ে কথা বলতে চাচ্ছে না। হত্যাকাণ্ডের সাথে এলাকার বাসিন্দারা জড়িত থাকায় কেউ মুখ খুলতে চাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই কিবরিয়া। তিনি জানান, ওই যুবকের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মাথা, চোখের নিচে ও মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর