স্কুল নয়, যেন এক টুকরো বাংলাদেশ (ভিডিওসহ)

শিশুদের স্কুলগামী করা, ঝরেপড়া রোধ, জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে হাতেখড়ি দেয়ার লক্ষ্যে ১২ নং জাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মীভাবে রঙ দিয়ে মোড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ।

পাকুন্দিয়া উপজেলার ১৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরকারের রাজস্ব খাত ও প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প-৪ এর অর্থায়নে মোট ৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ে রং করার বরাদ্দ আসে। কিন্তু ৩৭ টি স্কুলে বিভিন্ন রঙ করা হলেও ১২ নং জাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও পরিচালনা কমিটির নির্দেশে ব্যাতিক্রমধর্মীভাবে রাঙানো হয় লাল সবুজের মোড়কে।

এ বিষয়ে ১২ নং জাঙ্গালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, লাল সবুজ পতাকায় মোড়ানো ভবন মানেই সেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এজন্য কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজে বের করতে কষ্ট করতে হয়না। তিনি আরো জানান, প্রথম শ্রেণিতে পড়া একটি কচি শিশু এখন সহজেই জাতীয় পতাকা চিনতে পারে। স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে সে স্বাচ্ছন্দবোধ করে। লাল সবুজকে মন থেকে সে ভালোবাসতে শুরু করে। জাতীয় পতাকার সাথে সাথে সে মুক্তিযুদ্ধের গল্প শুনতে দারুন পছন্দ করে। জাতীয় পতাকা, সঙ্গীত আর মুক্তিযুদ্ধ তার হৃদয়ে একাকার হয়ে যায়। শিশুটি মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়েই বড় হয়ে উঠার পাশাপাশি নিখাদ দেশপ্রেমের সাথে পরিচিত হবে।

পাকুন্দিয়া উপজেলা শিক্ষা অফিসার ফাইজ উদ্দিন আকন্দ বার্তা বাজারকে জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে হাতেখড়ি শিখতে পারবে।

উল্লেখ্য এ বিদ্যালয়টি পরপর টানা ৩ বছর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর