চাঁদাবাজি মামলায় কথিত যুবলীগের দুই নেতা শ্রীঘরে

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় চাদাঁবাজি মামলায় কথিত যুবলীগের দুই নেতা জাফর আলী ও রাজিব শেখকে শ্রীঘরে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত ৪ এর বিচারক আরফাতুল রাকিবের আদালতে যুবলীগ পরিচয় দানকারী দুই নেতা জাফর আলী শেখ ও রাজিব শেখসহ ১২ জনের জামিন আবেদন করলে আদালত জাফর ও রাজিবের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত এই দুই নেতার একজন জাফর আলী শেখ টংগিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামের মৃত আলাল শেখের ছেলে এবং একই গ্রামের মৃত হুমায়ূন শেখের ছেলে রাজিব শেখ।

জানা যায়, চাঠাতিপাড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় যুবলীগ নেতা পরিচয়ে জাফর ও রাজিব দীর্ঘদিন ধরে চাদাঁবাজি, মদপান, জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। অভিযোগ উঠে জাফর ও রাজিবের রয়েছে শক্তিশালী সন্ত্রাসী বাহিনী। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। যুবলীগে তাদের কোনো পদ পদবি না থাকলেও নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন।

এলাকায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও অনেকে জানান। গত বছরের ২৬ শে আগস্ট চাঠাতিপাড়া গ্রামের মুদি দোকানদার নুরু বেপারীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এছাড়া তাকে দোকান থেকে পিটিয়ে বের করে দিয়ে দোকান লুটপাট করে।

এই ঘটনায় ওই মুদি দোকানদারের ভাই জাহাঙ্গীর হোসেন বেপারী মুন্সীগঞ্জ আদালতে ১২ জনকে আসামি করে সি আর মামলা দায়ের করে।

আজ আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জাফর আলী শেখ ও রাজিব শেখকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া মামলার বাকি ১০ আসামিকে জামিন দেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর