মদের টাকার জন্য ৯ মাসের সন্তান বিক্রি করলেন বাবা

মদের টাকা জোগাড় করতে নয় মাসের শিশু পুত্রকে বিক্রি করার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।যার জন্য থানায় মামলা হয়েছে।তবে এ ঘটনায় অভিযুক্ত বাবাকে এখন আটক করা হয়নি।

এমন ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের নবরঙ্গপুর জেলার উমরকোট থানা এলাকায়।

মঙ্গলবার (৯ জুলাই) ওই সন্তানের মা পুলিশের কাছে অভিযোগ করেন, পিতা সগারাম লোহার সন্তানসহ স্ত্রীকে একটি মন্দিরে নিয়ে যান। তারপর স্ত্রীর কোল থেকে সন্তানকে জোর করে কেড়ে নিয়ে মন্দিরের সামনে দাঁড়ানো দুই ব্যক্তির হাতে তুলে দেন এবং তাদের কাছ থেকে সন্তানের বিনিময়ে ১০ হাজার টাকা নেন।

সন্তান বিক্রির পর সগারাম লোহার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির আত্মীয়স্বজন সন্তানের কথা জানতে চাইলে তিনি জানান ছেলে মারা গেছে।

এই ঘটনার পর স্থানীয় লোকজন লোহারকে গাছে বেঁধে রেখে মারধর করেন বলেও খবর পাওয়া যায়। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

নবরঙ্গপুর জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট কুশলকার নীতিন ডাগড়ু জানিয়েছে, একটি অভিযোগ দাখিল করা হয়েছে। একটাই ভাল খবর, যে বাচ্চাটাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া গেছে। একজনকে গ্রেফতারও করেছি আমরা। কিন্তু গোটা ঘটনায় ওই বাচ্চাটির বাবার ভূমিকাটা ঠিক কী – তা নিয়ে আরও তদন্ত করা দরকার।

দুই বছর আগে এই ওড়িশা রাজ্যেই একই রকম ঘটনা ঘটানো হয়েছিল। মোবাইল ফোন, রুপার চুড়ি ও মদ কেনার জন্য মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে ১১ মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন ওই পিতা।

ভারতে মাঝে মাঝেই এ রকম সন্তান বিক্রির খবর পাওয়া যায়। কন্যা সন্তান বিক্রির প্রবণতা অনেক বেশি। অভাবের সংসারে কন্যা সন্তানকে লালন-পালন আর তারপরে বিয়ের খরচ জোগাড় করা দুষ্কর হয়ে যাবে – এই ভাবনা থেকেই সন্তানকে বিক্রি করে দেন অনেকে। আবার অনেক ক্ষেত্রে অবৈধভাবে সন্তান জন্ম নিলে সেই সন্তান দেশে বিদেশে পাচার করে দেয় পাচারকারী চক্র। আবার শিশু পাচারকারীরাও দুস্থ বাবা-মাকে বুঝিয়ে শুনিয়ে শিশু সন্তান কিনে নেয়।

এ ক্ষেত্রে শিশু পাচার চক্রের একটি বড় ভূমিকা রয়েছে। একটি বড় চক্র ধরাও পড়ে ২০১৬ সালে। এই চক্রের সাথে জড়িত ছিল বেশ কয়েকজন চিকিৎসক, শিশুদের হোমের কর্মকর্তা, নার্সিং হোমের কর্মকর্তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর