শিক্ষকরা জাতির বিবেক নাকি জাতির চোর? সেটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, আজকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত দেখি সকল জায়গায় দলীয় এক লেজুড়বৃত্তির রাজনীতির মাধ্যমে মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কারচুপির সঙ্গে শিক্ষকরা জড়িত থাকে। তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাবোধটুকু থাকে না। তখন শিক্ষকরা জাতির বিবেক নাকি জাতির চোর তখন সেটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে।
বুধবার (১০ জুলাই) ধর্ষণ, খুন ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ডাকসুর ভিপি।
এ সময় তিনি আরও বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি ৯ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা ধর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না। একটি শিশু ও ফুলকে পবিত্রতার প্রতীক বলা হয়। কিন্তু এই পাষণ্ড চোরেরা ফুলের দিকে যৌনতার দৃষ্টিতে তাকায়।
ডাকসুর ভিপি বলেন, আজকে আমরা দেখি অপরাধ করে অপরাধের অপরাধীরা ক্ষমতার জোরে পার পেয়ে যায়। যখন এদেশে অন্যায়-অবিচার হয়ে যাচ্ছে, আর আজকে যদি আমরা না জাগি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে। তাই আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা ও খুন ধর্ষণ কমানো।
বার্তাবাজার/এএস