পাপুয়া নিউ গিনিতে গর্ভবতী নারী ও শিশুসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জনই নারী ও শিশু। পাপুয়া নিউ গিনির উপজাতি অধ্যুষিত এলাকা হেলা প্রদেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে পাপুয়া নিউ গিনিতে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, সোমবার প্রথমে মুনিমা গ্রামে চারজন পুরুষ ও তিনজন নারীকে হত্যা করা হয়। এরপর কারিদা গ্রামে ১৬ নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন গর্ভবতী নারী ছিলেন।
ওই অঞ্চলে ২০ বছরের বেশি সময় আগে থেকে কয়েকটি গোত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বান্দো জানান, দুর্গম এই অঞ্চলটিতে সহিংসতায় ২৪ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, অপরাধীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। তিনি এই ভয়াবহ হত্যাকাণ্ডকে ‘তার জীবনের অন্যতম বিমর্ষ দিন’ বলে অভিহিত করেছেন।