সিএনজি চালকের ‘ছদ্মবেশে’ খুনিকে ধরলেন এসআই

মোহাম্মদপুরের গৃহবধূ শারমিন হত্যা মামলার আসামি মো. আমির হোসেনকে ধরতে সিএনজি চালকের ছদ্মবেশ ধারণ করেন ঢাকা মহানগর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন শেখ। যে উদ্দেশ্যে এমন কৌশল অবশেষে তা সফল হলো শতভাগ।

এমন মিশন সফল হতে সঙ্গে থাকা ফোর্স নিয়ে দুই দিন ধরে চট্টগ্রামে অবস্থান করেছিলেন মো. আল-আমিন শেখের ।

এসব তথ্য জানিয়েছেন এসআই আল-আমিন শেখ।

তিনি বলেন, মামলাটির তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান চট্টগ্রামের ইপিজেড এলাকায় জানতে পারি। এরপরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুই দিন আগেই আমি চট্টগ্রামে যাই। পালিয়ে যাওয়া শারমিন হত্যার আসামি আমির হোসেন পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তাই তিনি চট্টগ্রামে পালিয়ে গিয়ে সেখানেও সিএনজি চালানোর চেষ্টা করছিলেন। সে কারণে আমি নিজেও সিএনজি মালিকের কাছে গিয়ে আগের দিন বলেছি যে, আমি সিএনজি চালাতে পারি। আমাকে যেন সিএনজি চালানোর একটা কাজ দেওয়া হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এভাবেই আমি আসামির খোঁজ করছিলাম। পরের দিন আবারও একই অজুহাতে সেখানে গিয়েছিলাম। সর্বশেষ ওই এলাকার এক দারোয়ানের আশ্রয়ে থাকা ব্যক্তির বাসা থেকে আমির হোসেনকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসি।’

এর আগে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ঢাকা মেট্রো (উত্তর) এর এসআই মো. আল-আমিন শেখের নেতৃত্বে একটি টিম গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ইপিজেড থেকে আসামি মো. আমির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে।

পিবিআই প্রধান বলেন, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, আসামি আমির হোসেন ভিকটিম শারমিনকে বিবাহের পূর্বে আরও দুটি বিয়ে করে। এই মামলার ভিকটিম শারমিন আসামি আমির হোসেনের তৃতীয় স্ত্রী। আসামি তার দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে এবং তার একাধিক স্ত্রী থাকায় পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গত ২ জুলাই ভোরে বটি দিয়ে কুপিয়ে শারমিনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

বাতাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর