সাভারে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‍্যাব-৪ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় এই অভিযান চালানো হয় বলে র‍্যাব-৪ জানায়। আটক ৪ জন হলেন- শরিফ মিয়া (২৩), তোফায়েল আহমেদ (২৩), রাজু (২৪) ও মেহেদী হাসানসহ (২৩)। এরা নিজেদেরকে একটি অবৈধ মার্কেটিং কোম্পানীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন বলে র‍্যাব সূত্রে জানা যায়। এসময় ২৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানায়, প্রায় পাঁচ মাস আগে জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তি চৌরঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং কোম্পানী চালু করে। এসময় পঞ্চাশ জন ব্যক্তিকে দেশের নামি দাবি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় কোম্পানীটির কর্মকর্তারা। পরে ভুক্তভোগীরা চাকুরী না পেয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে র‌্যাব-৪ কার্যালয়ে অভিযোগ করলে মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড কোম্পানীর কার্যালয়ে অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করে। তবে এই কোম্পানীর মুল হোতারা র‍্যাব-৪ আসার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হয়।

এব্যাপারে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, ওই মার্কেটিং কোম্পানীর মালিকদের আটক করার প্রক্রিয়া চলছে। কোম্পানীর মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর