বেরোবিতে কর্মচারীদের আন্দোলনে বিপাকে শিক্ষার্থীরা

৪৪ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৪ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এতে বিপাকে পড়ছে শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) সকাল থেকে তারা সেখানে অবস্থান নিয়ে ধর্মঘট ও বিক্ষোভ অব্যাহত রেখেছে।কর্মচারীদের বিক্ষোভের মুখে প্রশাসনিক ভবনে উপাচার্যসহ কোনও কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেনি।
ফলে সব প্রশাসনিক কাজ বন্ধ হয়েছে।

কর্মচারীদের অভিযোগ, ১০ দিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের দাবির সমর্থনে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিল। তবে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ দাবি দাওয়া নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েও বিশ্ববিদ্যালয়ে না এসে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে ক্লাস-পরীক্ষা চললেও কর্মচারীদের আন্দোলনের কারণে বিভিন্ন বিভাগের ফলাফল আটকে আছে।
কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, ‘রবিবার আমরা দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম প্রশাসনকে। কিন্তু কোনও সমাধান না হওয়ায় রেজিস্ট্রার দফতরে তালা লাগিয়েছিলাম। কিন্তু পরে প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৫টায় তালা ভেঙে ফেলা হয়। আজ সোমবার সকাল ১০টায় আবার প্রশাসনিক ভবনের দুইপাশে তালা লাগিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হবো না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমানকে ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করে বলেন, ‘স্যার মিটিংয়ে আছেন।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর