কোনো ধরনের ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই পুলিশে নিয়োগের যে ঘোষণা দেয়া হয়েছিল তা বাস্তবায়ন করেছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শেরপুর জেলায় এ বছর পুলিশ কনস্টেবল পদে ৭৩ জনকে চাকরি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। শেরপুর জেলার ইতিহাসে এই প্রথম পুলিশ কনস্টেবল পদে সর্বোচ্চ চাকরি পেয়েছে পাঁচ উপজেলার নারী-পুরুষ।
অন্যান্য জেলার মত শেরপুর জেলায় ১০৩ টাকায় পুলিশের চাকরি হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে যে খবর প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছিল তার শুরুটা করে ছিলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
গত ৩ জুলাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে বিভিন্ন ধাপে শতভাগ স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে ৯ জুলাই মঙ্গলবার যোগ্য এবং মেধাবী প্রার্থীদের নির্বাচিত করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মলনে শেরপুর জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
তিনি আরও জানান, নির্বাচিত ৭৩ জনের মধ্যে পুরুষ ৫০ জন, নারী ২৩ জন এর মধ্যে মুক্তিযোদ্ধা, পুলিশ পোষ্য, আদিবাসী কোটা রয়েছে। এবার চূড়ান্ত পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই কৃষক, হতদরিদ্র, দিনমজুর ও চা বিক্রেতার সন্তান।
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সদ্য নিয়োগ প্রাপ্তদের মধ্যে ঝিনাইগাতী উপজেলার বন্দে বাটপাড়া গ্রামের কামরুন্নাহার সুইটি ঘুষ ছাড়া পুলিশের চাকরি পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তার লেখা-পড়াসহ বিভিন্ন কষ্টের কথা বর্ণনা করেন। সদর উপজেলার নাওভাঙ্গা গ্রামের রুবেল মিয়া ১০৩ টাকায় চাকরি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত নিয়োগ প্রাপ্তদের নাম প্রকাশের পর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম মাদক, জঙ্গীবাদ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এক শপথ বাক্য পাঠ করান।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, জেলা গোয়েন্দা (ওসি ডিবি) মোঃ মোখলেছুর রহমানসহ সদ্য নিয়োগ প্রাপ্তদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।