রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া বাজার থেকে দুর্গাপুর এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশায় জনগণের চলাচল বন্ধের উপক্রম হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সরেজমিন রাস্তাটিতে গিয়ে মটরসাইকেল নিয়েও রাস্তাটিতে চলতে এই প্রতিবেদকের বেশ কষ্ট হয়েছে।
রাস্তার বিশাল অংশ জুড়ে খানা-খন্দকে ভর্তি। বর্ষার পানিতে সয়লাব ওইসকল গর্তগুলি দেখে যে কেউ প্রথম দর্শণে ভাববেন হয়তো কোনো খালের পাশ দিয়ে যাচ্ছেন তারা। এমন রাস্তায় এই এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রতিদিন বিদ্যালয়ে গমনরত কোমলমতি শিশু, নারী এবং বয়ঃবৃদ্ধদের অবর্ণনীয় কষ্ট হয় চলাচলে।
কাঠগড়া বাজারের চৌরাস্তা হতে দুর্গাপুরের ভিতর দিয়ে রাস্তাটি জিরাবো-আশুলিয়া সড়কে গিয়ে মিশেছে। রাস্তার উভয় পাশে আবাসিক বাড়ি, দোকানপাট সহ বেশ বর্ধিষ্ণু এলাকায় হাজার হাজার মানুষের বসবাস। তবে চলাচলের জন্য একমাত্র রাস্তার এই করুণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বলেন, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না ঠিকমত, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য এই রাস্তা দিয়ে নিয়ে যেতেও আশংকার ভিতর থাকতে হয় বুঝি পথেই দম বের হয়ে যায়। দীর্ঘদিন ধরে এভাবেই একটা রাস্তা সংষ্কারের অভাবে পড়ে আছে, দেখার কি কেউ নেই?
এই এলাকার ভিতরের দিকে গড়ে উঠেছে পোশাক শিল্প কারখানা সহ অনেক শিল্প প্রতিষ্ঠান। প্রতিদিন এসব কারখানার মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ভারী যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা যেটুকু ভালী রয়েছে তাও নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেনের নিকট দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তাটির কাজের জন্য স্থানীয় এমপি বরাদ্দ হয়েছে। খুব দ্রুতই রাস্তার কাজ শুরু হবে বলে জানতে পেরেছি।
সাভার, ঢাকা