মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ার মিরপুর থানার একটি মাদক মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্ম্দপুর গ্রামের আসাদুল হিড়ের দুই ছেলে মোঃ মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল জেলার মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে তিন চাকা বিশিষ্ট আলগামন গাড়ি আটক করে তল্লাসী করে গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই ঘটনায় গাড়ির চালক ও দুইজন আরোহীকে আটক করে জব্দকৃত মাদকসহ মিরপুর থানায় দেওয়া হয়। মিরপুর থানা মামলা দায়ের করে ২০১৮ সালের ১৬ জানুয়ারী আদালতে চার্জশীট জমা দেয়। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এই রায় দেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক মামলাগুলো দ্রুত নিস্পত্তি করার উদ্যোগ নেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর