ঈমানের পথ থেকে দূরে সরে যাচ্ছেন এই আশঙ্কায় দিন কয়েক আগে চলচ্চিত্র অঙ্গনকে বিদায় জানিয়েছেন ভারতের মুসলিম অভিনেত্রী জায়রা ওয়াসিম। শুধু তাই নয় এরপরে তিনি সমস্ত স্যোশাল সাইট থেকে নিজের অভিনয় সম্পর্কিত ছবিও সরিয়ে দিয়েছেন।
এদিকে নতুন করে খবর বেড়িয়েছে ভারতীয় অভিনেতা সালমান খানের শো বিগ বস ১৩-এর জন্য জায়রাকে দেড় কোটি টাকার অফার করে আমন্ত্রণ করা হয় বিগ বস টিমের পক্ষ থেকে। কিন্তু জায়রা সেই অফারকে নাকচ করে দেড় কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, অভিনয় ছেড়ে দিলেও মুক্তির অপেক্ষায় আছে জায়রা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিটি। এই ছবিতে প্রিয়াঙ্কা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
এরই মধ্যে নির্মাতাদের জায়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি। সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এটিই সম্ভবত জায়রার শেষ সিনেমা।
অভিনয় ছাড়ার কারণ জানিয়ে আজ রবিবার টুইটারে জায়রা ওয়াসিম লিখেছেন, ‘পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি।
কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে বাঁধা হয়ে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’
জায়রা তার পোস্টে আরও বলেন, ‘কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।’
বার্তাবাজার/এএস