জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।এ দিকে সাবেক সেনা প্রধান মারা গেলে তাকে কোথায় কবরস্থ করা হবে এ নিয়ে এখনই চলছে আলোচনা।দলীয় প্রধানকে কোথায় কবরস্থ করতে হবে জানালেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, রংপুরের বাসভবন পল্লীনিবাসে তার সমাধি করার ইচ্ছা পোষণ করেছেন এরশাদ নিজেই। সংবাদ সম্মেলন এমন কথায় বলেছেন সিটি মেয়র।
সোমবার সন্ধ্যায় রংপুরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এসময় এরশাদের ইচ্ছার কথা তুলে ধরে তা পূরণে জাতীয় পার্টির নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যানকে রংপুর পল্লীনিবাসে সমাধিস্থ করার কথা বলা হয়।
জাতীয় পার্টির রংপুর বিভাগ, জেলা ও মহানগরসহ সহযোগী অঙ্গসংগঠন এবং রংপুরবাসীর পক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘মৃত্যু একটি প্রকৃতির নির্ধারিত নিয়ম। যা কখনো খণ্ডানো যায় না। চিকিৎসাধীন অবস্থায় আমাদের রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ স্যার যদি পৃথিবী থেকে চির বিদায় নেন, তাহলে তার পবিত্র সমাধি কোথায় হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক্ষেত্রে আমাদের একমাত্র দাবি স্যারের ওছিয়তকৃত স্থান পল্লীনিবাসে সমাধি করা হোক।’
তিনি বলেন, ‘এরশাদ স্যার অসুস্থ শরীর নিয়ে সর্বশেষ এ বছরের মার্চে রংপুরে এসেছিলেন। তিনি নিজেই বলেছিলেন-আমার শরীর ভালো নেই। আমি যে কোন সময় মৃত্যুবরণ করতে পারি। তোমরা আমার ডিজাইনে পল্লীনিবাসে আমার সমাধি কমপ্লেক্স করিও। আমি মৃত্যুর পরও তোমাদের মাঝে থাকতে চাই।’
এসময় মোস্তাফিজার রহমান বলেন, ‘স্যার অসুস্থ থাকার কারণে ওই ডিজাইন সম্পর্কে জনসম্মুখে বলতে পারেননি। সে কারণে আজ তার সমাধি কোথায় হবে, তা আলোচনা চলছে। আমরা রংপুরবাসী এরশাদ স্যারের সমাধিকে আঁকড়ে ধরেই তার জীবন-দর্শন বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, মহানগর শ্রমিক পার্টির সভাপতি রাজু আহম্মেদ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম জবা, যুগ্ম আহ্বায়ক আল-আমিন সুমন ও জেপলিন প্রমুখ।
বার্তাবাজার/এএস