না খেলেই ফাইনালে যাবে ভারত!

বিশ্বকাপের শুরুতে একের পর এক ম্যাচে যন্ত্রণা দিয়েছে বৃষ্টি। যার ফলে চারটি ম্যাচে কোনো বলই মাঠে গড়াতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে যেটা সর্বোচ্চ। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

কিন্তু সেমিফাইনালে পয়েন্ট ভাগাভাগির কোনো সুযোগ নেই। গ্রুপপর্বে রিজার্ভ ডে ছিল না। সেমিতে অবশ্য সেটা থাকছে। কিন্তু রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টি থাকে তাহলে কী হবে?

এ ব্যাপারেও পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গ্রপপর্বে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। টাই হলেও একই ব্যবস্থা নির্ধারিত ছিল।

এখন পর্যন্ত লিগপর্বে মোট ৪টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে ৬টি খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাবে ম্যাচ ভেস্তে যাওয়ার তালিকায় আছে আরে ২টি। তা হলে কি এর বলির পাঁঠা হবে দুই সেমিফাইনাল ও ফাইনাল-তিন ম্যাচের দুটি? সেই শংকাও আছে।

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের লিগপর্ব। সেরা চার দল পেয়ে গেছে ২০১৯ আসর। আগামী ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সেমির লড়াই।

আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এজবাস্টনে হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ।

উভয় ম্যাচের দিন বৃষ্টির আশংকা আছে। ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। আর বার্মিংহামে সেই সম্ভাবনা আছে ৩০ শতাংশ। এমনকি দুই ম্যাচের রিজার্ভ ডে’তেও বৃষ্টির শংকা আছে।

ওই দিনগুলোতে খেলা না গড়ালে বিশেষ নিয়ম রেখেছে আইসিসি। শেষ চারের খেলা রিজার্ভ ডেতে সম্পন্ন না হলে লিগপর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে, তারা ফাইনালের টিকিট পাবে।আর যদি এমনটাই হয় তাহলে কপাল পুড়বে নিউজিল্যান্ডের। আর ম্যাচ না খেলেই ফাইনাল খেলবে ভারত।

ফাইনালের জন্যও নিয়ম আছে। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও ফাইনালি লড়াইয়ের পরিসমাপ্তি না ঘটলে দুই ফাইনালিস্টের মধ্যে শিরোপা ভাগ করে দেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর