বিদায় ঘণ্টা বেজে গেলো রোডসের

হাথুরুসিংহের বিদায়ের পর ২০১৮ সালের জুনে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব পান স্টিভ রোডস। মাসে ২৩ হাজার ডলার বেতনে ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছিল বিসিবি।

এই কোচকে খুঁজতেই পিটার কারস্টেনকে দায়িত্ব দিয়ে ৩০ হাজার ডলার খরচ করা হয়েছিল। তবে এই কোচের সঙ্গে আর এগোতে চাচ্ছে না ক্রিকেট বোর্ড। তাই তো চলতি বিশ্বকাপ শেষেই বিদায় নিতে হচ্ছে স্টিভ রোডসকে।

রোডসের অতিরিক্ত ভালোমানুষিই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চুপচাপ স্বভাবের এই কোচের অধীনে বাংলাদেশ দারুণ সফল হলেও নানান অভিযোগে চাকরি হারালেন এই কোচ।

বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচের আগেই রোডসকে নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষ সেই কৌতুহলের ইতি টেনেছে ক্রিকেট বোর্ড। সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন রোডসকে জানিয়ে দিয়েছেন, তাকে আর রাখা হচ্ছে না।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ‘এটা এক প্রকার সমঝোতার মতো। কোচকে বরাখাস্ত করা হচ্ছে না। পরিস্থিতি ব্যাখ্যা করে তাকে আর না রাখার কথাটি জানিয়ে দেয়া হয়েছে।’

জানা গেছে, বিশ্বকাপের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুশি নয় বোর্ড। এক্ষেত্রে কোচদের তৎপরতাও সন্তুষ্ট করতে পারেনি বিসিবিকে। নিজামউদ্দিনের ভাষ্যমতে, ‘বিসিবি সভাপতি বিশ্বকাপ ও আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষ করে দেশে ফিরলেই বোর্ড সভার আয়োজন করা হবে। বোর্ড সভার সম্ভাব্য তারিখ ২২ জুলাই, তখন কোচিং স্টাফসহ সব ইস্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর