ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র শাহাতা জারাব এরশাদ এরিককে ভয়ভীতি দেখানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার রাজধানীর গুলশান থানায় জিডি করেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক মেজর (অব.) মো. খালেদ আখতার।
জিডিতে উল্লেখ করা হয়, ‘আমি মেজর (অব.) মো. খালেদ আখতার, পিতা মরহুম শাফায়ে হোসেন, পরিচালক হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট, আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে।’
গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’
এদিকে এরিকের মা বিদিশা ছেলের নিরাপত্তা চেয়ে করা জিডির প্রতিক্রিয়ায় বলেন, রাজনীতির এই নোংরা খেলায় বাদ যাচ্ছে না আমার প্রতিবন্ধী শিশু এরিকও। আমার ভয়, আমার ছেলেকে নিয়ে নতুন করে কোনও ষড়যন্ত্র হচ্ছে না তো?
পিতার জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে আমার এই প্রতিবন্ধী অবুঝ সন্তানটিকে নিয়ে কোনও নোংরা রাজনৈতিক খেলা হচ্ছে না তো? প্রতিবন্ধী শব্দটি মা হিসেবে তাকে ব্যথিত করে মন্তব্য করে বিদিশা বলেন, সন্তান তো সন্তানই। প্রত্যেক মা-বাবার কাছে তার সন্তানই শ্রেষ্ঠ সন্তান।
তিনি জানান, অনলাইন নিউজে দেখে তিনি গুলশান থানায় ফোন করেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বন্ত করেছেন।