বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফুদ্দিন ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শেষ করে নিজ জেলা ফেনী আগমন উপলক্ষে মোটর শোভাযাত্রা সহকারে ফেনীবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (০৮ জুলাই) বিকেলে সাইফ ঢাকা থেকে ফেনী পৌঁছলে মহিপাল এলাকা থেকে তাকে মোটর গাড়ী শোভাযাত্রা সহকারে শহরে নিয়ে আসা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হয়। এই সময় রাস্তার দুই পাশে সাধারণ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ক্রীড়ামোদী জনগণ, তার সহপাঠিসহ সর্বস্তরের জনগণ ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফের প্রশিক্ষণ ক্লাব ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের প্রেসিডিয়াম সদস্য আরিফুল আমিন রিজভী ও সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাব্বিরের যৌথ সঞ্চালনায় তাৎক্ষণিক আয়োজিত অনুষ্ঠানে সাইফকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নূরুন্নবী, যুগ্ম সম্পাদক শুশেন চন্দ্র শীল। এই সময় উপস্থিত ছিলেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন,ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সেক্রেটারী শরিফুল ইসলাম অপু প্রমুখ।