ধর্ষণ প্রতিরোধে যা করতে বললেন প্রধানমন্ত্রী

ধর্ষণ প্রতিরোধে নারী সমাজের পাশাপাশি পুরুষ সমাজকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের পুরুষ সমাজকেও বলবো ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে। এই ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে পুরুষ সমাজেরও বোধহয় একটা আওয়াজ তোলা উচিত। যারা এই ধরনের জঘন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কিছু বলা উচিত। খালি নারীরাই চিৎকার করে যাবে নাকি? আমরা নির্যাতিত হয়ে সব চিৎকার করব আর নির্যাতনকারী ও তাদের স্বজাতি যারা আছে তাদেরও এব্যাপারে একটু সোচ্চার হওয়া উচিত বলে মনে করি।

সোমবার (০৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে শিশু ও নারী ধর্ষণের কথা তুলে ধরে বলেন, দুভার্গ্য হলো যে, ধর্ষণটা কিন্তু সবসময় সব দেশেই আছে। এখন একটা জিনিস অন্তত পক্ষে মেয়েরা সাহস করে কথাটা বলে। আমাদের দেশে এমন একটা সময় ছিল, সামাজিক লজ্জার ভয়ে অনেকেই বলতেই পারতো না। আর এ বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিচ্ছি। সঙ্গে সঙ্গে এদেরকে ধরা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নিচ্ছি।

শিশু ধর্ষণ, নারী ধর্ষণের মতো নোংরা-জঘন্য কাজ যারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওই (সামিয়া) যে শিশুটাকে ধর্ষণ করল তাকে কিন্তু ঠিকই পুলিশ খুঁজে বের করেছে এবং গ্রেফতারও করা হয়েছে। সে স্বীকারও করেছে। এই ধরনের নোংরা জঘন্য কাজ যারা করছে এরা মানুষ না। কাজেই এদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সব নিবো।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর