বাল্য বিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পৌরসভার গয়লা এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে অন্তরা খাতুন (১৪)।

জানা যায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার চররায়পুরে গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বরের নানাবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান উপস্থিত হন। তখন বরের নানা বাড়ীতে কনে পৌরসভার গয়লা এলাকার মো. রফিকুল ইসলাম এর মেয়ে অন্তরা খাতুন (১৪) এর সাথে বর বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামের মো. সাইফুল ইসলাম এর পুত্র মো. শ্রাবণ শেখ (১৫) এর বিয়ের আয়োজন চলছিল।

কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও বর স্থানীয় টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের ভাই রিকো কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কনের মা ও বরের ভাইয়ের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।

এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,শিয়ালকোল ইউনিয়নের সদস্য মো. আব্দুল লতিফ ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর