জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক নতুন কাগজের ব্যবস্থাপনা সম্পাদক হাসান আরেফিন আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
হাসান আরেফিনের ছেলে ফিরোজুল ফেরদৌস জানান, সকালে নগরীর মিরপুরের বাসায় তার বাবার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক হাসান আরেফিন স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক হাসান আরেফিনের নামাজে জানাযা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার জলিসা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।