মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার অদূরে ধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধামরাইবাসী। সোমবার ( ৮ জুলাই) সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ড পৌঁছালে সেখানে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করে। এসময় এলাকাবাসী মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস ও তার বাবা কাউসার ফেরদৌস আহতের ঘটনায় দোষী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কুসহ কয়েকজন প্রথমে ছুরিকাঘাত করে কাউসার ফেরদৌসকে। এসময় তার ছেলে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস এগিয়ে আসলে তারা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাবা ও ছেলেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে ছেলে বিজয় ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকেরা।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।