চৌহাট ইউনিয়নে ইজিপিপি ২য় পর্যায়ের কাজ সম্পন্ন

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিন প্রকল্পস্থানে গিয়ে এই বিষয়টি জানা গেছে।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই কালে চৌহাট ইউনিয়নে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে জানা যায়, এই অর্থবছরে মোট ৩টি প্রকল্পে সরকারী বরাদ্দ আসে। প্রকল্পগুলি হলো-

(১) চর চৌহাট কবরস্থানের রাস্তা পুনঃনির্মাণ ও চর চৌহাট হতে চকপাড়া পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ। মোট ৪০ দিনে ৬০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে এ প্রকল্পের কাজ শেষ করেছে। এক্ষেত্রে সরকারী বরাদ্দ হিসেবে আসে ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার টাকা)।

(২) চর রাজাপুর নদীর পাড়ের রাস্তা হতে ছোট ভাকুলিয়া রাস্তা পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের কাজে সরকারী বরাদ্দ হিসেবে আসে ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা)। মোট ৫০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে এই প্রকল্পের কাজ শেষ করে।

(৩) ধুলজুরী সাথী মেম্বারের বাড়ির সামনে হতে কাওসারের বাড়ির রাস্তা পুনঃনির্মাণ ও সোলাইমানের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ প্রকল্পে মোট ২,৪৮,০০০/- (দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা) সরকারী বরাদ্দ আসে। ৩১ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা হারে মজুরি নিয়ে মোট ৪০ দিনে এই কাজটি শেষ করে।

সরেজমিন উক্ত তিনটি প্রকল্পস্থানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সরকারী বিধি মেনেই এই কাজগুলি হত দরিদ্র শ্রমিকদের দিয়ে করা হয়েছে। এক্ষেত্রে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করা হয় নাই।

চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি জানান, অনেক প্রতিকূলতার ভিতর দিয়েই এই অর্থবছরের ২য় পর্যায়ের প্রকল্পের কাজ শেষ করেছি। এক্ষেত্রে তিনি দৈনিক ২০০ টাকা মজুরিতে বর্তমানে শ্রমিক পাবার বিষয়টি উল্লেখ করেন। এরপরে রাস্তার মাটি অনেকে দিতে চায় না, সেজন্য অন্য জায়গা থেকে মাটি কিনে এনে রাস্তার কাজ করতে হয়েছে বলেও জানান তিনি।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামকে উক্ত তিনটি প্রকল্পের সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত সম্পর্কে অবগত করানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর