সন্তানের মার খেয়ে বাড়িছাড়া হলেন ‘মা’

সুন্দর এই পৃথিবীর মুখ যারা আমাদের দেখালেন, আজ আমাদের কারণে সেই সুন্দর পৃথিবী দেখানো মানুষগুলোর জায়গা হচ্ছে না!বড়ই অকৃতজ্ঞ আমরা।পাঠক এত আলোকপাত শুধু বলছি, এক মাকে নিয়ে। শতবর্ষী হাফেজা বেগম। ১০ সন্তানের মা তিনি। তবে শেষ বয়সে কোনো সন্তানই তার খবর রাখে না। এমনকি তাকে মারধরও করা হয়। বর্তমানে ওই অসহায় মায়ের ঠিকানা হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিছানায়।

কী হয়েছে জিজ্ঞাস করতেই হাউমাউ করে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। জানান, তাকে তার ছেলে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

জানা গেছে, বৃদ্ধা হাফেজা বেগমের বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলাধীন ফুলপাড়া এলাকায়। তার স্বামী ১১ বছর আগে মারা গেছেন। হাফেজা বেগমের ১০ সন্তান। এর মধ্যে ৫ ছেলে, ৫ মেয়ে। তবে কেউই মায়ের দায়িত্ব নিতে চায় না।

শনিবার (৬ জুলাই) ফারুক নামে এক ছেলে বৃদ্ধা হাফেজাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অসুস্থ হাফেজাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার পরে কোনো সন্তানই হাসপাতালে হাফেজার খবর নিতে আসেনি।

এ ব্যাপারে বৃদ্ধার ছেলে ফারুক বলেন, ‘আমি আমার মাকে মারধর করিনি। আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব আছে এবং মামলাও চলছে। তারা আমার মাকে ব্যবহার করছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহমদ সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার তদন্ত সাপেক্ষে ওই বৃদ্ধার ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর