বিশ্বকাপ শেষে একরাশ হতাশা নিয়ে বাংলাদেশে পা রেখেছে মাশরাফি বাহিনী।রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল(র) বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিট (বাংলাদেশ রাত ৩টা ১৫ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা করে টিম টাইগারস।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দেশ ফিরলেও রয়ে গেছেন বেশ কয়েকজন। সাকিব থেকে যাচ্ছেন লন্ডনে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপে ঘুরে বেড়াবেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড়। এছাড়া মেহেদী হাসান মিরাজও আসেননি। বিশ্বকাপের মাঝপথে তার স্ত্রী গিয়েছিলেন ইংল্যান্ডে। স্ত্রীকে নিয়ে বেড়িয়ে কয়েকদিন পর দেশে ফিরবেন মিরাজ। সাব্বির রহমান আর লিটন দাসও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এই চার ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন দেশে।
প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রোববার দেশে ফিরছেন সাকিব-তামিমরা। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে আসন্ন সিরিজের জন্য আবারও মাঠে ফিরবেন টাইগাররা।
বিশ্বকাপ মিশনটা ভালো যায়নি বাংলাদেশ দলের। আসরে মাত্র তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে খেলার স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরেছে টাইগাররা।
তবে দল হিসেবে পারফর্ম করতে না পারলেও এবারের আসরে বাংলাদেশ দলকে একাই টেনেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো আসরে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি।
বার্তাবাজার/এএস