তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জয় বাংলার নাম নিয়ে কোনো নেতাকর্মী মাদকের ব্যবসা ও কোনো অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে। যুবলীগের কোনো নেতার হাতে রামদা, মাদক দেখতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যুবলীগকে। কোনো দুর্নীতির সাথে আপস করা যাবে না। যুবলীগ আমার দূরদিনের বন্ধু। আমি সকল উন্নয়ন কাজ যুবলীগকে সাথে নিয়ে করবো।
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবগঠিত যুবলীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ এ অভিষেক সভার আয়োজন করে।
উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ফরিদ আহম্মেদ, এডভোকেট মতিউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু প্রমুখ। আগামী ১৬ জুলাই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।