ডাকাত আটকের এক বছরেও উদ্ধার হয়নি লুন্ঠিত মালামাল

ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে একটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত আটক হলেও ঘটনার প্রায় এক বছর পেরিয়ে গেলেও লুণ্ঠিত মালামাল ও টাকা পয়সা উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গত বছরের ১৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর বাজার সংলগ্ন হাজী মঈন উদ্দীন আহম্মেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।ডাকাতরা বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জানা গেছে, ঘটনার পরের দিন ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সদস্য জামিল হোসেন সৈকত লুটকৃত মালামালের তালিকা এবং বাড়ীর সি.সি ক্যামেরার ভিডিও ফুটেজসহ আলফাডাঙ্গা থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একদল মুখোশধারী ডাকাত জানালার গ্রিল ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে।তারপর ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আট লক্ষ টাকা, ৪৫ ভরি স্বর্ণালঙ্কার, দুই হাজার ইউ,এস ডলার, ৭টি মোবাইল সেটসহ প্রায় ৩৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।এর মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুরের নজরুল ইসলাম,আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুরের সিরাজ খাঁন,বোয়ালমারী উপজেলার তেলজুড়ী গ্রামের আনিচ শিকদার ও সূর্যোদিয়া গ্রামের আলমগির শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।পুলিশ গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এনায়েত মোল্যা, ধোপাপাড়া গ্রামের বাশার মোল্যা,শিপপুর গ্রামের মনির মোল্যা ও লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের মোঃ হাচান সহ মোট আটজনের বিরুদ্ধে চলতি বছরের ৩০জুন আদালতে চার্জশীট দায়ের করেন।

এবিষয়ে বাড়ীর মালিক হাজী মঈন উদ্দীন আহম্মেদ সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করে বলেন, মালামাল উদ্ধার তো দূরের কথা উল্ট আমার পাঁচ লাখ টাকা খরচ।তবুও আমি কোন মালামাল ফেরত পেলাম না।তাহলে কি আমি আর মালামাল ফেরত পাব না?

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বার্তা বাজারকে জানান, “গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে না। চার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছি মুলহোতা এনায়েত ডাকাতসহ অপর চার জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।ওদের ধরতে পারলে মালামাল উদ্ধার করা সহজ হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর